ইউরেনিয়ামের আরেকটি চালান পৌঁছেছে রুপপুরে
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৩:২৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার
ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের তৃতীয় চালান।
সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ প্রহরায় নাটোরের বনপাড়া হয়ে ইউরেনিয়ামবাহী চালানটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৩টি লড়িতে বহনকরা ইউরেনিয়ামের চালান নাটোরের বনপাড়া বাইপাস অতিক্রম করে পাবনা অভিমুখে রওনা হয়।
এসময় পথে পথে সেনা, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার কর্মিরা বিশেষ সতর্ক অবস্থায় ছিলো।
এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দের উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।
ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত সড়কজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত ৩ অক্টোবর একইভাবে ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ৭টি চালান চলতি বছরের মধ্যে রুপপুর বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের তৃতীয় চালান জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
এএইচ
