ঢাকা, বুধবার   ২১ অক্টোবর ২০২৬,   কার্তিক ৬ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধন সিলেটে ফাইনাল চট্টগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

আসন্ন ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

আজ বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। 

সূচি অনুযায়ী, চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর দুটি ভেন্যুতে ১৬টি দল মোট ৪১টি ম্যাচে অংশ নেবে।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ২২ জানুয়ারি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নেপাল।

‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে ‘সি’ গ্রুপে। 

আর ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আগামী ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে বিকেলে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। 

এছাড়া কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স পর্বে উঠবে। সুপার সিক্সে নয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তরুণ খেলোয়াড়দের একটি মঞ্চ তৈরি করে দেবে এই টুর্নামেন্ট।

তিনি বলেন, “আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমাদের খেলার ভবিষ্যৎ প্রতিভাদের তুলে ধরার মঞ্চ। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে তরুণ খেলোয়াড়দের শীর্ষ পর্যায়ে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাওয়ার জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের সুযোগ।

“১৬টি দলের খেলোয়াড়রা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। একই সঙ্গে তারা অন্যান্য ক্রিকেটারদের কাছে পরিচিত ও অনুকরণীয় আদর্শ হয়ে উঠবে এবং তাদের ক্রিকেটযাত্রা অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে।

গুপ্তা আরও বলেন, “আয়োজক হিসেবে বাংলাদেশ ও নেপালকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশে আইসিসির আস্থা ও বিনিয়োগের প্রতিফলন এতে প্রমানিত হয়। ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এবং দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ২০ বছরের নিচে হওয়ায় বিশ্বের অন্যতম বড় যুব ক্রীড়া আসর আয়োজনের জন্য দেশ দুটি আদর্শ।”

এএইচ