রাজশাহী মেডিকেলে ৫ দাবিতে অনিদিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্নরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার
ওষুধসহ চিকিৎসাসামগ্রীর সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করেন তারা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা। ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে জরুরি বৈঠক করে ২৪ ঘন্টার কর্মবিরতির সিদ্ধান্ত নেয় হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় কর্মবিরতি।
পরে দুপুরে কর্মবিরতির কারণ তুলে ধরতে প্রেস ব্রিফিং করেন সংগঠনটির নেতারা। এ সময় তারা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির ডা. মুশফিকুর রহমান জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে প্রতিনিয়ত অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের। এমনকি সংঘবদ্ধভাবে হুমকির শিকার হওয়ার অভিযোগও করেন তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি এসএম তপু বলেন, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সীমিত জনবল ও চিকিৎসাসামগ্রী নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় বাধ্য হয়েই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও মেডিকেল অফিসার শামীম আহমেদ বলেন, বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যেগুলো স্থানীয়ভাবে সমাধান করার যা সেগুলো করতে চান হাসপাতাল পরিচালক। আর জরুরী ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং নিরাপত্তা কর্মীসহ জনবল নিয়োগের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দিয়ে জানানো হবে।
চিকিৎসকদের কাজে ফেরাতে তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দ্রুত সমস্যা সমাধান করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
৮নং ওয়ার্ডের এক রোগীর সজন আনসার আলী জানান, হাসপাতালে রোগিদের জন্য বেশী সময় দেয় ইন্টার্ন চিকিৎসকরা। তারাই মুলত: চিকিৎসা দেন। বিশেষ করে রোগী ভর্তি হওয়ার পর তারাই এসে প্রাথমিক চিকিৎসা দেন। তারা কর্মবিরতি করায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সকালে বড় ডাক্তাররা রাইন্ড দিয়ে চলে গেছে। এর পর থেকে ওয়ার্ডে আর কোন চিকিৎসক নেই।
হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি রোগী ও তাদের স্বজনদের।
এএইচ
