দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৭ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। দশেরা ও বিজয়া দশমীর উৎসবের আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি প্রকাশ করে তাঁরা মেয়ের নাম জানান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘দেবী পাড়ুকোন সিং’।
ছবিতে দীপিকা ও রণবীরকে তাঁদের দুই মেয়ে দুয়া ও দেবীর সঙ্গে দেখা যায়। ঐতিহ্যবাহী সোনালি ও হালকা রঙের পোশাকে সাজানো পরিবারের এই ছবিতে মা দীপিকার কোলে ছিল ছোট্ট দেবী। অন্যদিকে, বাবা রণবীরের পাশে থাকা বড় মেয়ে দুয়াকে ছোট বোনের প্রতি স্নেহ প্রকাশ করতে দেখা যায়।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে দীপিকা ও রণবীর লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে... দেবী পাড়ুকোন সিং’।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বলিউডের একাধিক তারকা ও সংগীতশিল্পীও তাঁদের শুভেচ্ছা জানান।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছিলেন এই দম্পতি। তবে তখন নবজাতকের নাম প্রকাশ করেননি তাঁরা। প্রায় এক মাস পর নাম প্রকাশের মধ্য দিয়ে পরিবারের নতুন সদস্যকে ভক্তদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন তারকা জুটি।
এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যা দুয়ার জন্ম হয়। দুই মেয়েকে ঘিরে দীপিকা ও রণবীরের পরিবার এখন চার সদস্যের। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত সীমিত পরিসরে তথ্য প্রকাশ করলেও গুরুত্বপূর্ণ পারিবারিক মুহূর্তগুলো মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।
দ্বিতীয় কন্যার নাম প্রকাশের মধ্য দিয়ে দম্পতির জীবনে যুক্ত হলো নতুন এক আনন্দঘন অধ্যায়। দুই মেয়েকে নিয়ে তাঁদের পারিবারিক মুহূর্ত এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে।
ঐ.মিষ্টি//
