ঢাকা, শনিবার   ২৪ অক্টোবর ২০২৬,   কার্তিক ৯ ১৪৩৩

নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-মোবাইল লুট, ৩ ছিনতাইকারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৯:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামে মোহাম্মদ হানিফ নামে এক গ্রীল মিস্ত্রিকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন লুটের ঘটনায় তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত কয়েকদিন ধরে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন গ্রীল মিস্ত্রি হানিফ। রাত আনুমানিক সোয়া আটটার দিকে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের সড়কের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে ডিবির একটি দল ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ