ঢাকা, শনিবার   ২৪ অক্টোবর ২০২৬,   কার্তিক ৯ ১৪৩৩

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৯:৫২ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাঁটবে না।

তিনি বলেন, আর দু’একটি বৈঠক বাকি আছে। ইতোমধ্যে আমরা কম্পাইলেশন ওয়ার্ক শুরু করেছি। আজকের বৈঠকে আমরা ৬০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। অনেকেই অসুস্থ সেজন্য আসতে পারেননি। বৈঠকে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা-আর্টিকেল ৭০-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের বিধান যেন বিলুপ্ত করা না হয়— এ বিষয়ে আগেও অনেকে মতামত দিয়েছেন। যদি উচ্চকক্ষ গঠিত হয় এবং উচ্চকক্ষ যদি সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হয়, তাহলে সরকারি ও বিরোধীদলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে, স্পিকারকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না— সে বিষয়ে অনেকে মতামত দিয়েছেন। 

সেই সঙ্গে স্পিকার বাদে অন্যান্য যারা উপদেষ্টা থাকবেন, তারাও যদি সরকারি ও বিরোধীদলের সম্মতিতে উপদেষ্টা নিযুক্ত হন— সে বিষয়েও অনেকে মতামত দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নোট অব ডিসেন্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিরোধীদলকে আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছি— আমরা যদি প্রত্যেকের মতামত পাই, বিরোধীদল যদি কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্টে কিছুটা শিথিলতা চায়, তবে সেটি তাদের বলতে হবে। তারা কমিটিতে এসে সেটি বললে কমিটি এ বিষয়টি বিবেচনা করতে পারে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকের মতামতগুলো পরীক্ষা করে দেখবো। আমরা সমঝোতার মধ্যদিয়েই এই সরকার গঠিত হোক— সেটিই চাই।

এএইচ