গভীর নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, সাগর উত্তাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮ ডিগ্রি পূর্বদ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কি.মি.দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।
আরও জানানো হয়, গভীর নিম্নচাপটি আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২৬ অক্টোবর ২০২৬) পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে পশ্চিম-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর (পুন:) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এএইচ
