ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬,   কার্তিক ১১ ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে ৬ জন গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াত খেতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। 

থানা পুলিশের দাবি, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে।

এদিকে,ওই বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান জেনে বিএনপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। তাদের গ্রেপ্তারে দাবি জানায়।

এএইচ