ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, কমছে জড়তা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতাকে আপাতত কেমোথেরাপি নিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমেই চলছে তাঁর চিকিৎসা। পাশাপাশি আগের তুলনায় কথাবার্তার জড়তা কমেছে এবং হাঁটাচলাতেও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৫ অক্টোবর) নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান।
তিনি বলেন, “আল্লাহর রহমতে কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন। বর্তমানে তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে না।”
লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে বর্তমানে ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে। কথাবার্তায় জড়তা ধীরে ধীরে কাটছে এবং হাঁটাচলার অবস্থাও আগের চেয়ে ভালো হচ্ছে।
প্রায় ১০ মাসের চিকিৎসা শেষে গত আগস্টে বাংলাদেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে প্রায় সাত দিন অবস্থান করার পর আবার লন্ডনে ফিরে যান তিনি।
দেশে ফেরার পর তাঁর কেমোথেরাপি নেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে তা আর প্রয়োজন হয়নি।
গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে নিজের শারীরিক অবস্থার কথা জানান ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন থাকলেও দেশের মানুষের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে তাঁর মানসিক সংযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অসুস্থতার সময়ে যাঁরা খোঁজখবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা। একই সঙ্গে দেশের বাইরে থাকলেও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন তিনি। তাঁর উদ্যোগেই গড়ে ওঠে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন।
দীর্ঘদিনের এই সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি সড়ক নিরাপত্তা আন্দোলনেও গুরুত্বপূর্ণ পরিচিতি অর্জন করেছেন।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে। তবে চিকিৎসা এখনও চলমান। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন নিসচার নেতারা।
ঐ.মিষ্টি //
