ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬,   কার্তিক ১১ ১৪৩৩

ডি থ্রি নিলামে তারকা ক্রিকেটাররা কে কোন দল পেলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০১:০৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে সবচেয়ে বেশি পয়েন্টে দল পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২ কোটি পয়েন্টে তাঁকে দলে নিয়েছে ফরচুন। 

সোমবার (২৬ অক্টোবর) এই নিলাম অনুষ্ঠিত হয়।

এ ছাড়া শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটারদেরও দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান শেখ মেহেদী হাসান। তাঁকে দলে নিতে একাধিক দলের প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ পয়েন্ট খরচ করে এইস ব্লুস্টার। 
অন্যদিকে, নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে ফরচুন। তাঁকে পেতে দলটির খরচ হয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট।

নিলামে তানজিদ হাসান তামিমকে নিয়ে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত ২ কোটি পয়েন্টে তাঁকে দলে নেয় ফরচুন। এখন পর্যন্ত নিলামে এটিই সর্বোচ্চ দর।

এদিকে, সৌম্য সরকারকে দলে নিতে ওয়ালটন ও ফরচুনের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ফরচুন। একই দল ৬০ লাখ পয়েন্টে কিনেছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। 

তবে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্ব চলাকালে বিগ ব্যাশে ব্যস্ত থাকায় এই সংস্করণে রিশাদের খেলা সম্ভব হবে না।

অন্যদিকে, তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এ ছাড়া বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়ায় মুস্তাফিজুর রহমানের জন্যও তুলনামূলক কম দর উঠেছে। তাঁকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

ডি থ্রি ট্রফির নিলামে মোট ২৭৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাঁদের। এর বাইরে ছয়জন আইকন ক্রিকেটারের দল আগেই চূড়ান্ত হয়েছে। তাঁরা হলেন—একমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেন্স ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম, ব্লুস্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয় এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ।

আগামী ডিসেম্বরে ডি থ্রি ট্রফির মাঠের লড়াই শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে শুরু হবে। নতুন এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে অর্থের পরিবর্তে পয়েন্ট ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। 

ফলে নিলামে দলগুলোর পয়েন্ট ব্যবস্থাপনা ও খেলোয়াড় নির্বাচনের কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ঐ.মিষ্টি//