ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬,   কার্তিক ১১ ১৪৩৩

গুচ্ছের সম্ভাব্য তারিখ ঘোষণা, ইবির ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ মার্চ

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:০৪ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:০৭ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হতে পারে। এছাড়া গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনা করা হয়েছে।  

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে নির্ধারিত তারিখের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি কমিটি জানায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন তারা। এছাড়া গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। 

এএইচ