ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬,   কার্তিক ১২ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু ৩ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি নজরুল ইসলাম।

তিনি বলেন, বড়াইগ্রাম আমলি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমির হোসেন মিন্টুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে হেফাজতে নেয় পুলিশ। তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে তার ওপর হামলা হয়। 

ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে আহত শাকিলকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএইচ