সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য অনুচিত: স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান সরকার কোনোভাবেই ক্রসফায়ার সমর্থন করে না, বরং এই বিষয়ে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’বা শূন্য সহনশীলতা। আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন এবং এটি বলা তাঁর ঠিক হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আইজিপি একজন সহজ-সরল মানুষ। মূলত আইনের কঠোর প্রয়োগের কথা বোঝাতে গিয়ে তিনি অসতর্কভাবে এই মন্তব্য করে ফেলেছেন, যা কোনোভাবেই উচিত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন যে, সরকার দেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা পুলিশ হেফাজতে মৃত্যু (কাস্টডিয়াল ডেথ) সহ্য করবে না। এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের মূল লক্ষ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নই প্রধান অগ্রাধিকার। বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এর আগে গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেছিলেন, সরকার যদি অনুমতি দেয়, তবে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।
আইজিপি তাঁর বক্তব্যে আক্ষেপ করে বলেছিলেন, পুলিশ দায়িত্ব পালনকালে বলপ্রয়োগ করলে একপক্ষ তাদের 'ফ্যাসিস্ট' বলে আখ্যা দেয়, আবার নিষ্ক্রিয় থাকলে 'দুর্বল' বলে সমালোচনা করে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে উপযুক্ত কাজের পরিবেশ দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। আইজিপির এই বক্তব্যের পরই সরকারের অবস্থান পরিষ্কার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই জরুরি প্রতিক্রিয়া এল।
এমএইচ
