ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৩ ১৪৩৩

মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ১২:১৯ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার সকালে সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। 

এ সময় চিকিৎসকদের হাজিরা খাতা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি  রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক সংকট ও শয্যাস্বল্পতায় ভোগান্তিতে থাকা রোগীদের গুরুত্বপূর্ণ আশ্বাস দেন তিনি।

হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এটি বাস্তবায়িত হলে বাড়বে রোগী ভর্তির সুযোগ, উন্নত হবে চিকিৎসাসেবার সক্ষমতা—এমন প্রত্যাশা স্থানীয়দের।

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি—এখন মুরাদনগরবাসীর প্রধান প্রত্যাশা। মন্ত্রীর নির্দেশনা ও আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।

এএইচ