রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
এসব উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে সহায়ক হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।
বৈঠক শেষে জেটরো প্রেসিডেন্টের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐ.মিষ্টি//
