ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৩ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

সিরাজগঞ্জে আবারও ঝটিকা মিছিল করেছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। মিছিল থেকে টহল পুলিশকে হুমকি দেয় তারা।

বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে এ মিছিল বের করে তারা। 

ধারণ করা তাদের এই ভিডিও ফুটেজ দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম 
ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীদের ফেসবুকে পোস্ট করা দুটি ভিডিও ক্লিপের স্থায়িত্ব ছিল ৩ মিনিট ৪২ সেকেন্ড। 

এতে দেখা যায়, দলীয় নেতাদের ছবি সংবলিত একটি ব্যানারে ধরে প্রায় ৪০ জনের মত যুবলীগের নেতাকর্মীর অংশ নিয়ে দলের মূল স্লোগানসহ ‘শেখ হাসিনা আসবে’ ‘বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান দেয়। 

তখন পাশের বিকল্প লেন দিয়ে টহল পুলিশ তাদের পিকাপ নিয়ে যাচ্ছিলেন। এ সময় মিছিল থেকে কয়েকজন পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'ওই আসবি না, মাইরা ফালামু'। 

তবে পুলিশ এ বিষয়টি কর্ণপাত না করেই গাড়ি নিয়ে চলে যায়।

মিছিলকারীদের সাথে থাকা সহযোগীরা এই ভিডিও ফুটেজ ধারণ করে। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, ‘মিছিলের ভিডিওটি আমরা দেখেছি। মহাসড়কের কোন স্থানে তা হয়েছে, নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। 

এএইচ