যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৪:৩১ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও সংগঠনের প্রতি গভীর আবেগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদপ্রার্থী ফয়সাল আহমেদ সজল বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের মহান লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফয়সাল আহমেদ সজল আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন তারা। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এএইচ
