ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৩ ১৪৩৩

ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু, সরকার গঠনে কিংমেকার আরবরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর জোট এখন পর্যন্ত ৫৩টি আসনে জয় পেয়েছে। 

অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। তবে এবার নির্বাচনে ইতিহাস গড়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হওয়া আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ ব্যালটের প্রায় ৯৩ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, যা মোট প্রদত্ত ভোটের ৮৫.৬ শতাংশ। বাকি থাকা প্রায় ৭ শতাংশ ব্যালট আরও বিশদ পর্যালোচনার প্রয়োজন রয়েছে। 

এছাড়া প্রায় ৬ লাখ ‘ডাবল এনভেলপ’ (বিশেষ ব্যালট) ভোট গণনা এখনও বাকি আছে, যা আগামী কয়েকদিনের মধ্যে মূল ফলাফলের সাথে যুক্ত হবে। তবে চূড়ান্ত ফলে আসন সংখ্যায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।

ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট আইনসভা ‘নেসেট’-এ এককভাবে সরকার গঠন করতে হলে যেকোনো জোটের অন্তত ৬১টি আসনের প্রয়োজন হয়। বর্তমান ফলাফলের ট্রেন্ড অনুযায়ী, নেতানিয়াহু কিংবা আইজেনকট—কোনো পক্ষই এককভাবে সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না। ফলে দেশটিতে সরকার গঠনের চাবিকাঠি বা ক্ষমতার মূল নিয়ন্ত্রণ এখন চলে গেছে আরব রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ এবং মনসুর আব্বাসের দল ‘রা’ম’-এর হাতে।

বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলে সরকার গঠনের জন্য দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, নেতানিয়াহু বা আইজেনকটের যেকোনো এক পক্ষকে আরব দলগুলোর সাথে জোট গঠন করতে হবে। দ্বিতীয়ত, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোট মিলে একটি 'জাতীয় ঐক্যের সরকার' গঠন করতে পারে। যদি এই দুই বিকল্পের কোনোটিই সফল না হয়, তবে দেশটিকে আবারও নতুন করে সাধারণ নির্বাচনের দিকে যেতে হবে।

এদিকে ঘন ঘন নির্বাচন এড়াতে দলগুলোকে সম্ভাব্য সব ধরনের রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। রাজনৈতিক অচলাবস্থা নিরসনের তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে আরেকটি নির্বাচন এড়াতে আমাদের সম্ভাব্য সবকিছুই করতে হবে।