ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৪ ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে চলছে ভোটের লড়াই

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

আসনটিতে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফয়সল আমীন। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে তিনি বলেন, জনগণের মতামতই চূড়ান্ত। জনগণ যে রায় দেবেন, তা প্রত্যাখ্যান করার দুঃসাহস তাঁর নেই।

অপরদিকে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক, তিনি তা মেনে নেবেন। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে ফলাফল মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এখন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটগ্রহণের পরিবেশ এবং শেষ পর্যন্ত ভোটের ফলাফল ঘিরেই সবার নজর।

এএইচ