বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে বিকল্প অর্থায়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার | আপডেট: ০৭:২২ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আজ জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
বৈঠকে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দেশটির অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং নতুন নতুন সহযোগিতা চুক্তিও সম্পাদিত হচ্ছে।
এমএইচ
