স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একলাফে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ হাজার ২১৬ টাকা।
এর আগে শুক্রবারও দেশের বাজারে স্বর্ণের স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এএইচ
