ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৬ ১৪৩৩

রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করেছেন, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গণতান্ত্রিক অভিযাত্রা সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে বিরোধী দলকে লংমার্চ না করে সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে।’ 

ভবিষ্যতে বাংলাদেশে যেন স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় সে অনুযায়ী সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সেমিনারে অন্তর্ভুক্তির সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত না রেখে সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।’

এএইচ