জাতীয় যুব দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫২ এএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার
আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।
দেশের বিশাল জনগোষ্ঠী তথা যুবসমাজকে দক্ষ করে তোলা, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, আত্মকর্মসংস্থানে উৎসাহ জোগানো এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের সব বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
অপরদিকে বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলা ও উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দেশের জনসংখ্যার বড় একটা অংশজুড়ে আছে তরুণ সমাজ। দেশের অর্থনীতি আর সমাজকে এগিয়ে নেওয়ার প্রতিটি পদক্ষেপে এই তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে এ দেশের তরুণেরা জাতীয় অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে সক্ষম হবেন।
এ কারণেই আজকের এই দিনে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানী ছাড়াও দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষণীয় আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মননশীল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুবঋণ বিতরণ।
এছাড়া স্বাবলম্বী হওয়ার পথে সফল হওয়া তরুণ উদ্যোক্তাদের বিশেষ সম্মাননা এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হয়েছে।
এএইচ
