ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৭ ১৪৩৩

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোরগ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান। 

এর আগে শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে কিশোরগ্যাং ‘SBS’ গ্রুপের তিনজন এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্য রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চালায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘SBS’ গ্রুপের তিন সদস্য এবং ‘CTG’ গ্রুপের এক সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।

এএইচ