শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চেয়ারম্যানসহ ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী। এ সময় শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই বোর্ডের ঘোষণা দেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে। এই ঘোষণার মাধ্যমে তাদের দাবি আদায় হবে। এই বোর্ডের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মজুরী নির্ধারণ করা হবে। ফলে যারা আন্দোলন করছেন তারা রাস্তা ছেড়ে দিবেন।
তিনি জানান, যারা অস্থিরতা করছে তারা শ্রমিক নয়। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে টার্গেট করে এটি করছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রীর ঘোষণায় ছয় সদস্যের বোর্ডে চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বাংলাদেশ শ্রম আইন সংশোধিত ২০২৬ এর ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এএইচ
