ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৭ ১৪৩৩

৩ মাসের বকেয়াসহ নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অক্টোবর মাসের বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থও পেয়েছেন তারা।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে তাদের ব্যাংক হিসাবে নতুন কাঠামোর বেতন জমা হতে শুরু করে। 

তবে বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ সংক্রান্ত জটিলতায় প্রায় এক লাখ কর্মকর্তা কর্মচারী এখনও বেতন পাননি বলে জানা গেছে।

কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী জানান, রোববার (১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে তাদের মোবাইল ফোনে বেতন জমা হওয়ার বার্তা আসতে শুরু করে। নতুন বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া অর্থও পেয়েছেন তারা। 

তবে যাদের বেতন নির্ধারণ এখনও চূড়ান্ত হয়নি, তারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বেতন পেতে পারেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক বর্ধিত আর্থিক সুবিধা পাওয়ার কথা। এরই মধ্যে তাদের অধিকাংশের ব্যাংক হিসাবে নতুন কাঠামো অনুযায়ী অর্থ জমা হয়েছে। 

তবে পে ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রায় এক লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন আটকে আছে।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম থেকে একাদশ গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ এবং দ্বাদশ থেকে বিংশ গ্রেড পর্যন্ত ১১৫ থেকে ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত ১ জুলাই থেকে এই বেতনকাঠামো কার্যকর ধরা হলেও পুরো সুবিধা একসঙ্গে দেওয়া হচ্ছে না। ধাপে ধাপে বর্ধিত বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পাবেন। গত ৩০ জুন পর্যন্ত প্রাপ্য মূল বেতনের সঙ্গে এই অর্থ যুক্ত হবে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ কার্যকর হবে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধিসহ নতুন বেতনকাঠামোর শতভাগ সুবিধা কার্যকর করার কথা রয়েছে।

তবে মূল বেতন বাড়লেও অন্যান্য ভাতার ক্ষেত্রে নতুন হার এখনই কার্যকর হচ্ছে না। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই অন্যান্য ভাতা পাবেন। সংশোধিত ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এএইচ