ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৭ ১৪৩৩

বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের মোট ৩৫৭ জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের রেকর্ড রয়েছে কিনা, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে দেশের সবকটি পুলিশ ইউনিটে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়। 

আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কর্মকর্তাদের মামলার হালনাগাদ ও সর্বশেষ তথ্য হার্ডকপি এবং সফটকপি—উভয় মাধ্যমেই দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য চাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহর স্বাক্ষর করা এই বিশেষ চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং দেশের সবকটি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও একইভাবে জরুরি ভিত্তিতে এই তথ্য চাওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় এবার ক্রাইম অ্যানালাইসিস শাখা পুনরায় চিঠি পাঠাল। 

তালিকায় থাকা ৩৫৭ জন কর্মকর্তার সবাই বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার। তারা পুলিশ সদর দপ্তর, ডিএমপি, সিআইডি, পিবিআই, এপিবিএন, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে কর্মরত আছেন।

সদর দপ্তরের তালিকায় কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি কিছু বিশেষ পরিস্থিতির কথাও উল্লেখ রয়েছে, যার মধ্যে একজন কর্মকর্তা বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন এবং আরেকজন প্রেষণে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে কর্মরত। 

এই তথ্য তলবের বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, এটি সম্পূর্ণ একটি রুটিন ওয়ার্কের অংশ এবং এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ নেই।

এমএইচ