ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৮ ১৪৩৩

শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার

শ্রমিক আন্দোলনের নামে হামলা ভাঙ্চুর ও আগুন সন্ত্রাসকে কেন্দ্রকরে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।

ভাড়াটিয়াদের মাধ্যমে কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্য বাসায় অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা যদি নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দিয়ে থাকেন অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে থাকেন, তাহলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি দ্রুত জানানোর জন্য বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।

গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে বাড়ির মালিকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‌শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

 এমএইচ