ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৯ ১৪৩৩

জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ করলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে তার আসন্ন সিনেমা ‘কিং’ থেকে গান প্রকাশ করেছেন। 

সোমবার (২ নভেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’। ৩ মিনিট ৪২ সেকেন্ডের গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় রোমান্টিক রসায়নে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। 

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

গানটির অন্যতম আকর্ষণ ব্রিটিশ পপ তারকা এড শিরানের উপস্থিতি। তিনি গানটির একটি ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সেটি নিজেই লিখেছেন। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার এবং গীতিকার কুমার। গানটির কোরিওগ্রাফি করেছেন পীযূষ-শাজিয়া।

গানটির দৃশ্যায়নে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি অ্যাকশন ও প্রতিশোধের আভাসও রয়েছে। শাহরুখকে গানটিতে দীপিকার উদ্দেশে ‘মাশুকা’ বা প্রেয়সী বলে সম্বোধন করতে শোনা যায়। শুরুতে তার মুখে শোনা যায়, ‘আমি কোনো খুনি নই, আমি একজন প্রেমিক।’ শেষাংশে হৃদয়ে আগুন জ্বলার এবং গোটা দুনিয়াকে জ্বালিয়ে দেওয়ার আগ পর্যন্ত না থামার সংলাপও দিয়েছেন তিনি।

এদিকে গানটির দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানের সঙ্গে তুলনা করছেন অনেকে। বিশেষ করে দীপিকার গেরুয়া পোশাক আলোচনায় এসেছে। তবে এবার তাকে বিকিনির পরিবর্তে গেরুয়া রঙের ঝলমলে হল্টারনেক পোশাকে দেখা গেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মারফ্লিক্স পিকচার্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তার মেয়ে সুহানা খান। এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। 

প্রধান খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। এ ছাড়া অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। গানটির ভিডিও জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে এবং অডিও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

ঐ.মিষ্টি //