শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে সড়ক ও মহাসড়কে ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ এবং নাশকতাকারীদের ধরতে গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অনেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রাজধানী জুড়ে কয়েকদিন যাবৎ তাণ্ডব চালানো হচ্ছে বলে পুলিশ জানায়। এর আগে রোববার শ্রমিক আন্দোলনে জড়িত থাকার অপরাধে রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এএইচ
