ছাত্রী নিহতের ঘটনায় আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৩ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত গাড়ি চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা পাশের রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।
নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন ছাত্রী।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে বাসটি কাত হয়ে উল্টে যায়। নিহত মাইশা সেটির নিচে চাপা পড়েন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে ওই ছাত্রী নামেন। এর কিছুক্ষণ পর মিনিবাসটি তার ওপর উল্টে পড়ে। একই ঘটনায় বাসটির নিচে চাপা পড়ে আরও তিনজন আহত হন।
স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এএইচ
