প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় পদ হারালেন সরকারি কর্মকর্তা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনায় তাকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’—এই ধারণাকে কেউ অস্বীকার করতে পারবেন না। এরপর প্রধানমন্ত্রীর স্লোগানটিকে ‘হাদিস’ ও শাশ্বত বাণী হিসেবে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, হুজুররা বললে কথাটি হাদিস হয়ে যেত, কিন্তু তার মুখে দাড়ি নেই এবং তিনি টুপি পরেন না বলে সেটি হাদিস হয়নি—এমন মন্তব্যও করেন তিনি।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরপরই তাকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়।
ঐ.মিষ্টি //
