গোলরক্ষকের ধাক্কায় আহত সেই ফুটবলারের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৬ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরা ও তেনেরিফের মধ্যকার ম্যাচে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুই দল ২-২ গোলে সমতায় থাকাকালে বল ক্লিয়ার করতে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক ও ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলের খেলোয়াড় হেসুস ওওনো। এ সময় তাঁর হাঁটুর আঘাত দে মিগুয়েলের মাথা ও বুকে লাগে।
সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তেনেরিফের এই স্ট্রাইকার।
পাঁচ মিনিটের বেশি সময় মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পথে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসকদের প্রচেষ্টায় হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
মঙ্গলবার সকালে তাঁর স্নায়বিক অবস্থার আরও অবনতি হলে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার পর গোলরক্ষক হেসুস ওওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে তাঁর ক্লাব তেনেরিফ। এক বিবৃতিতে ক্লাবটি তাঁর পরিবার, স্বজন ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানায়।
এ ছাড়া বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও এফসি আন্দোরার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার জেরার্ড পিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন ক্লাব এবং দেশটির ফুটবল ফেডারেশনও এ ঘটনায় শোক জানিয়েছে।
ঐ.মিষ্টি //
