ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন গার্মেন্টসের শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে প্রায় দেড় ঘণ্টা পর ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকরা।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে বিসিক, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শ্রমিক অসন্তোষ যেন অন্য শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে না পড়ে সেজন্য বিভিন্ন শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ থাকলেও জেলার সামগ্রিক শিল্প পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
এএইচ
