প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০২:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
ডেমোক্র্যাট সমর্থকদের উল্লাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে দলটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সিএনএনের নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটদের আসন ৫৪টি এবং রিপাবলিকানদের ৪২টি। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২২৭টি এবং রিপাবলিকানরা ১৩৫টি আসন পেয়েছে।
প্রতিনিধি পরিষদে দলীয় নিয়ন্ত্রণ পরিবর্তনের পাশাপাশি ২৭টি আসন ডেমোক্র্যাটদের দখলে গেছে। সিনেটেও সাতটি আসন নিজেদের দিকে নিয়েছে দলটি।
এ নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের আগে উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের হাতে। ফলে ডেমোক্র্যাটদের এই জয় মার্কিন কংগ্রেসের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন নিয়ে এসেছে।
নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির প্রতি ভোটারদের অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে।
বিশেষ করে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যেও ডেমোক্র্যাটদের জয় নির্বাচনের ফলকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
এই ফলাফলের ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছরে তাঁর প্রশাসনের জন্য আইন প্রণয়ন ও বিভিন্ন নীতি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। একই সঙ্গে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর নজরদারি এবং তদন্তের সুযোগ বাড়বে।
সব মিলিয়ে, মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকানদের জন্য এটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
ঐ.মিষ্টি//
