ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬,   কার্তিক ২০ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

কিশোরগঞ্জের জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন বলেন, বুধবার রাতে গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, রোগী শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে তার শরীরে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে স্থানান্তরের কথা বিবেচনা করা হচ্ছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ