আশুলিয়া ও গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকদের কাজে যোগদান
সাভার ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:২০ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের কর্মপরিবেশ। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের সব কারখানায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।
সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে এসে কাজে যোগ দেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আশুলিয়া হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে মোতায়েন করা হয়েছে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।
পাশাপাশি বিজিবির বিশেষ টিমের টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড ও আশেপাশে এলাকায় পরিস্থিতি এখন পর্যন্ত সার্বিক রয়েছে। গত ৫ দিনের তুলনায় আজ সকাল থেকে মহাসড়ক ও গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে শ্রমিকেরা স্বাভাবিক ভাবেই কারখানায় প্রবেশ করে।
বিশৃঙ্খলা রোধে কাজ করে যাচ্ছে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের ১৩ প্লাটুন ও জেলা প্রশাসনের ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছেন।
গেল রাতে গাছা থানায় শিল্প পুলিশ বাদি হয়ে ১৫শ’ ব্যক্তিকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছে।
এএইচ
