আদালতে আত্মসমর্পণ পরীমণির, জামিনের আবেদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১১ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীকে সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।
আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানান আইনজীবী।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বুধবার (৪ নভেম্বর) পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী আদালতে সময়ের আবেদন জানিয়ে জানান, অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। তবে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলার অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি।
মামলার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ দাবি করেন, বোট ক্লাবে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পরীমণি তাঁকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন বাদী।
এদিকে, দীর্ঘদিন ধরে মামলার কারণে আদালতে যাতায়াত করতে হচ্ছে উল্লেখ করে পরীমণি প্রথম আলোকে জানান, বিষয়টি তাঁর কাজ ও পারিবারিক জীবনে চাপ তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, এই আইনি প্রক্রিয়া কি সারা জীবন চলবে?
আদালতে আত্মসমর্পণের পর তাঁর জামিন আবেদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
ঐ.মিষ্টি /
