অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৭ পিএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে সই করেন।
এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।
এদিকে, মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।
সরকারের আশা, এ ধরনের সহযোগিতার মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
ঐ.মিষ্টি //এএইচ
