শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছে।
পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে।
নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছেন।
সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।
এএইচ
