ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬,   কার্তিক ২১ ১৪৩৩

সিংগাইরে ট্রিপল মার্ডার: পাঁচ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ জনের

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে রয়েছেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।

এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং সাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।

এএইচ