ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬,   কার্তিক ২১ ১৪৩৩

রেড ক্রিসেন্ট এর ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং সোসাইটির গঠনতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যবস্থাপনা পর্ষদের নির্ধারিত পদসমূহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণ শেষে একই দিন ভোটের গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল গ্রহণ ও নিষ্পত্তি এবং ভোটগ্রহণসহ নির্বাচনের প্রতিটি ধাপ ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ইউনিট কর্তৃক প্রেরিত ডেলিগেট তথ্য যাচাই-বাছাইপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর আপত্তি ও আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ, ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের মাধ্যমে ব্যবস্থাপনা পর্ষদের এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।

এমএইচ