ঢাকা, শনিবার   ০৭ নভেম্বর ২০২৬,   কার্তিক ২২ ১৪৩৩

তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৬ নভেম্বর ২০২৬ শুক্রবার

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিশা এই হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে তদন্ত কর্মকর্তা দিশাকে অত্যন্ত চতুর প্রকৃতির উল্লেখ করে বলেন, তিনি অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন। মামলার আরেক সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের দেওয়া তথ্যের মিল-অমিল খতিয়ে দেখতে তাদের বক্তব্য ক্রসচেক করা প্রয়োজন বলে আদালতের আবেদনে জানানো হয়।

নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে দিশার সাথে একাধিকবার যোগাযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বা তিনি পলাতক হতে পারেন—এমন আশঙ্কায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বন্ধু দীপের আমন্ত্রণে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এই ঘটনায় ৩০ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ৩১ অক্টোবর রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেফতার করা হয়।

এমএইচ