প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন: প্রতিমন্ত্রী খৈয়ম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৯ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ১০:২১ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার
নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ রাজবাড়ীবাসীর জন্য গৌরবের বিষয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপি নেতা মো. নইম আনছারী।
শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল বলেও মন্তব্য করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর দাবি, ইতিহাস সাক্ষ্য দেয়, শেখ মুজিবুর রহমানকে জিয়াউর রহমান হত্যা করেননি; তিনি নিজ দলের লোকদের হাতে নিহত হয়েছিলেন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর সাধারণ সৈনিকরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পদ্মা সেতুর দাবিতে তাঁরা আন্দোলন করেছিলেন। কিন্তু তখন তাঁদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। এ কারণে বিগত নির্বাচনের ইশতেহারে তাঁরা পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটি নির্মাণের অনুমোদন দিয়েছেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতারা।
এএইচ
