ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৩ ১৪৩৩

পরীমণিকে আইনি নোটিশ, ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এ নোটিশ পাঠান। 

একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। এ সময় আদালত প্রাঙ্গণে তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকাল-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁর ভিডিও ট্রাইপড ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হওয়ার খবরও প্রকাশিত হয়।

এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ৬ নভেম্বর পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে আপত্তিকর একটি পোস্ট প্রকাশ করেন।

আইনি নোটিশে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঐ.মিষ্টি /