ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৪ ১৪৩৩

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ব্রিটিশ ডাচেস সোফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।

জানা গেছে, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার, নারী ও শিশুর সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরের সূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। 

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানবেন।

এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে গিয়ে তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস। এ সময় নারী হকি খেলোয়াড়দের সঙ্গেও কথা বলার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরবেন তিনি।

ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর নেতৃত্বের সক্ষমতা ও সংকট মোকাবিলায় সহনশীলতা বাড়ানোর উদ্যোগও পর্যবেক্ষণ করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে এ সফরে আসছেন ডাচেস অব এডিনবরা। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

ঐ.মিষ্টি /