সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪০ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গতকাল ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহত ১৩ জনই কক্সবাজার জেলার বাসিন্দা এবং তিনটি পরিবারের সদস্য।
সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তিনটি পরিবারের ১৩ জন বাংলাদেশি একটি গাড়িতে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন।
সৌদি আরবে সড়ক নিহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান, তার স্ত্রী শাকিরা ও তাদের চার সন্তানের মধ্যে তিনজন-বুশরা, ইয়াসির ও ইয়াযান। এ ছাড়া আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়ার এবং ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি।
আহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা, আলম শাহ ও তার ছেলে ফায়সাল, ইলিয়াস এবং গফুর আলম। আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আলম শাহ ও ইলিয়াস প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এএইচ
