ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৪ ১৪৩৩

৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ স্থগিত, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৩:২২ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে ৪ ঘণ্টা পর জেলা বিএনপির আশ্বাসে রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা। 

তবে আগামী তিনদিনের মধ্যে দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

এ দিকে, রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত ৭টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ের যাত্রীরা। 

তবে অবরোধ প্রত্যাহার করায় বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। একইসঙ্গে আখাউড়া আগরতলা সড়ক পথে যানবাহন চলাচল শুরু হয়। 

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর,শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙ্গে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। যা এ বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোন সুরাহা মেলেনি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙ্গে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে 'বরিশল' নামে নতুন একটি উপজেলা করার প্রস্তাব করা হয়।

যার নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়া। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুসে উঠে স্থানীয় জনতা। 

পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার পর আন্দোলনকারীরা আগামী তিনদিনের জন্য তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের কয়েকজনকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করে বিষয়টি সমাধান করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেলপথ থেকে অবরোধ তুলে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় সকাল থেকেই পুলিশ ঘটনাহলে দায়িত্ব পালন করেছে। অবরোধ স্থগিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএইচ