বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা হল দ্বিগুণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য বিদ্যমান কিছু শর্ত শিথিল করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর বেশি অর্থ পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুসরণ করতে হবে।
এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠাতে আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেয়ার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় এ শর্ত তুলে দেয়া হয়েছে।
এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার ব্যয় ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজে পূরণ করে ঘোষণা দিতে পারবেন। পরে ওই অর্থ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করা যাবে।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
এমএইচ
