কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৭ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে দশম শ্রেণির ছাত্র। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।
এর আগে সোমবার বেলা সোয়া ১টার দিকে কুষ্টিয়া শহরের একটি বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই স্কুলছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।
ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা অন্যত্র চলে যায়।
এএইচ
